রক্ষকই যখন ভক্ষক: কালিয়াকৈরে বনকর্মী কার্তিক সিন্ডিকেটের গাছ পাচারের মহোৎসব
- প্রকাশ : ০৯:০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ৬১ বার পাঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে প্রকাশ্যেই সরকারি বনের গাছ কেটে পাচারের মহোৎসব চলছে। বনের মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্বে থাকা কর্মচারীদের প্রত্যক্ষ মদদ ও সিন্ডিকেটের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ পাচার হয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
সম্প্রতি কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের সম্মুখ এলাকায় সরেজমিনে গিয়ে বনাঞ্চল উজাড়ের এই চিত্র দেখা যায়। দুপুরের দিকে ওই এলাকা থেকে চোরাই কাঠ বোঝাই একটি গাড়ি মূল সড়কে বের হতে দেখা যায়। পরবর্তীতে ওই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হলে এই অবৈধ বাণিজ্যের নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।
গাড়ির চালকের দেওয়া তথ্য অনুযায়ী, কালিয়াকৈর বন বিভাগের কর্মচারী কার্তিক দাশের নেতৃত্বে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেট এই অবৈধ গাছ বিক্রির মূল হোতা। বনকর্মী কার্তিকের সঙ্গে দফারফা করে মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে সরকারি বনের এই মূল্যবান গাছগুলো কিনে নেওয়া হয়। স্পটেই টাকার লেনদেন সেরে বন বিভাগের কিছু অসাধু সদস্য এই চোরাই কাঠের গাড়িগুলো নির্বিঘ্নে পার করে দেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বনকর্মী কার্তিক দাশ ক্ষমতার অপব্যবহার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে বনের গাছ কেটে বিক্রি করছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ফলে একদিকে যেমন উপজেলার বনাঞ্চল উজাড় হয়ে পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বনের রক্ষকরাই যদি এভাবে ধ্বংসাত্মক ভূমিকা পালন করে, তবে বনাঞ্চল টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা বন কর্মকর্তা (রেঞ্জ কর্মকর্তা) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন যে, সরকারি বনের গাছ কাটার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত কর্মচারী কার্তিক দাশসহ পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত তদন্ত কমিটি গঠন এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।













