চেয়ারম্যানের উপস্থিতিতেই ভাঙচুর, গ্রাম ছাড়ার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
- প্রকাশ : ০৯:২৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ৪৭ বার পাঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল গ্রামে এক ভুক্তভোগীর বসতভিটা জোরপূর্বক ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা করিমের অভিযোগ, ঘটনার দিন সকাল আনুমানিক ৯টার সময় সাবেক চেয়ারম্যান একলাছ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৫৫) ও মফি (৫০) ২০-২৫ জনের একটি দল নিয়ে আচমকা তার বসতভিটায় হামলা চালায়। এ সময় উলাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান এবং সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন সশরীরে উপস্থিত থেকে হামলার নেতৃত্ব দেন।
করিম জানান, হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে একা পেয়ে চেয়ারম্যান তার স্ত্রীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করার জন্য তেড়ে আসেন বলেও ভুক্তভোগী দাবি করেন।
ভুক্তভোগীর স্ত্রী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে তাদের ঘরবাড়ি ভাঙচুর করিয়েছেন এবং গ্রাম ছাড়া করার হুমকি দিয়েছেন। এই ঘটনার পর থেকে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে, তিনি নিজে উপস্থিত থেকে এই ধরনের ন্যক্কারজনক উচ্ছেদ ও ভাঙচুর চালিয়েছেন। এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের বসতভিটা ভাঙচুরের চিহ্ন ও ব্যাপক ক্ষয়ক্ষতির সত্যতা পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে জানতে উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তবে একই সাথে তিনি উল্লেখ করেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী আশা করছেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
















