সুয়াপুর ভূমি অফিসে দালাল চক্রের দাপট: নামজারিতে গুনতে হচ্ছে ১২ হাজার টাকা, জিম্মি সাধারণ মানুষ
- প্রকাশ : ০৮:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ২ বার পাঠিত

ঢাকা জেলার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন ভূমি অফিস এখন দালাল চক্রের আখড়ায় পরিণত হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সেবাগ্রহীতারা। চক্রটির মূল হোতা হিসেবে মহর আলী ও মোঃ কামরুল নামে দুই ব্যক্তির নাম উঠে এসেছে। জমি খারিজ বা নামজারি করতে এসে সাধারণ মানুষ চরম হয়রানি ও আর্থিক শোষণের শিকার হচ্ছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধান ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, মহর আলী ও কামরুলের নেতৃত্বে সুয়াপুর ভূমি অফিসে একটি শক্ত বলয় তৈরি হয়েছে। সরকারিভাবে নামজারির ফি নির্দিষ্ট থাকলেও এই চক্রটি প্রতি খারিজের জন্য আড়ানব্বই শতাংশ ক্ষেত্রেই আবেদনকারীদের কাছ থেকে প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। চুক্তির টাকা না দিলে বা দালাল এড়িয়ে সরাসরি অফিসে আবেদন করলে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম বিপাকে। ঝুলিয়ে রাখা হচ্ছে ফাইল, সৃষ্টি করা হচ্ছে নানা অযৌক্তিক দাপ্তরিক জট। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত অর্থ গুণে সেবা নিতে হচ্ছে নিরুপায় মানুষকে।
অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযুক্ত মহর আলী ও মোঃ কামরুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্যও সংগ্রহ করা সম্ভব হয়নি।
সরকারি দপ্তরে এমন ওপেন সিক্রেট দুর্নীতি ও অনিয়মে ক্ষুব্ধ সুয়াপুরের সচেতন নাগরিক সমাজ। এই চক্রের কালো হাত গুঁড়িয়ে দিয়ে ভূমি সেবাকে দালালমুক্ত করতে জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) আশু হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।
















