পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ: ঘিওরে ৫ হাজার চারা রোপণ করছেন অ্যাডভোকেট মামুন
- প্রকাশ : ০৭:৩৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ৩০ বার পাঠিত

দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার ১ নম্বর পয়লা ইউনিয়নে ৫ হাজার বনজ ও ফলদ গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্না কবিরের দিকনির্দেশনায় এ কর্মসূচির সূচনা করেন পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ মামুন মিয়া।
শুক্রবার জুমার নামাজের পর পয়লা ইউনিয়নের বাসুদেব বাড়ি জামে মসজিদ ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সড়কের পাশ এবং খোলা জায়গায় এসব গাছের চারা রোপণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, তাপমাত্রা বৃদ্ধি রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এমন কার্যক্রম সমাজের অন্যদেরও উদ্বুদ্ধ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট মোহাম্মদ মামুন মিয়া বলেন, প্রধানমন্ত্রী দেশব্যাপী যে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূরদর্শী পদক্ষেপ। গাছ আমাদের বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে, পরিবেশ রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখে। পয়লা ইউনিয়নকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ইউনিয়নে পরিণত করার লক্ষ্যেই এই ৫ হাজার বনজ ও ফলদ গাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও পরিবেশবিদদের মতে, জনসম্পৃক্ততার মাধ্যমে পরিচালিত এ ধরনের কর্মসূচি পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তবে কেবল গাছ রোপণ করলেই চলবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার মাধ্যমে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে—যা বায়ুদূষণ কমাতে এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়তে সহায়তা করবে।












