ধামরাইয়ে গুঁড়িয়ে দেওয়ার পরও ফের সচল অবৈধ ফোর স্টার ব্রিকস, হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য
- প্রকাশ : ০৬:৪৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৩৯ বার পাঠিত

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুঁড়িয়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া এলাকায় আবারও নতুন করে চুল্লি নির্মাণ ও ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে অবৈধ ফোর স্টার ব্রিকস। ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জিয়াউর রহমানের মালিকানাধীন এই ইটভাটার কালো ধোঁয়া ও দূষণে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। প্রশাসনের নিষেধাজ্ঞা ও প্রচলিত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, হাটিপাড়া এলাকার এই ইটভাটাটি পরিচালনায় সরকারি কোনো বৈধ নথিপত্র বা অনুমোদন নেই। ইটভাটা স্থাপনের জন্য বাধ্যতামূলক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের লাইসেন্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অনুমোদন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স কিংবা ভ্যাট ও আয়কর নিবন্ধনের কোনো কিছুই ফোর স্টার ব্রিকস কর্তৃপক্ষের নেই।
আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতি থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপনের বিধান থাকলেও এই ভাটাটির মাত্র ১০০ মিটারের মধ্যেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘনবসতিপূর্ণ লোকালয়। ফলে কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এ ছাড়া সরকারি নির্ধারিত উচ্চতা অমান্য করে ভাটার চুল্লি নির্মাণ করা হয়েছে, যার কারণে নির্গত বিষাক্ত ধোঁয়া সরাসরি আশপাশের পরিবেশ ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধন করছে।

অভিযোগ রয়েছে, ইট তৈরির কাঁচামাল জোগাড় করতে ভাটা সংলগ্ন তিন ফসলি কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) ভেকু দিয়ে নির্বিচারে কেটে ভাটায় আনা হচ্ছে। এতে এলাকার কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগেও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ এই ইটভাটাটি গুঁড়িয়ে দিয়েছিলেন। কিন্তু প্রশাসনের সেই অভিযানকে উপেক্ষা করে জনপ্রতিনিধি জিয়াউর রহমান প্রভাব খাটিয়ে পুনরায় ভাটার চুল্লি মেরামত করেছেন এবং পুরোদমে ইট তৈরির প্রস্তুতি শুরু করেছেন।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। ইতিপূর্বেও এই ভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। অভিযানের পরও যদি কেউ পুনরায় আইন অমান্য করে অবৈধভাবে ভাটা সচল করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
এদিকে পরিবেশ অধিদপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ফোর স্টার ব্রিকস নামক এই ইটভাটাটির অনুকূলে পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের ছাড়পত্র বা বৈধ কাগজপত্র নেই। লোকালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি এবং ফসলি জমির মাটি কেটে এ ধরনের অবৈধ ভাটা চালানোর কোনো সুযোগ নেই। খুব দ্রুতই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ও ইটভাটার মালিক জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে রাজি হননি।
এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ এবং ফসলি জমি রক্ষায় অবিলম্বে অবৈধ ফোর স্টার ব্রিকসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
















