পাটুরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ: নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জিন্নাহ কবিরের
- প্রকাশ : ০১:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৫৫ বার পাঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চ ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
আয়োজকদের দাবি, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি পাটুরিয়া লঞ্চ ঘাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘাট সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও অরাজকতা প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
কর্মসূচিতে শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।


















