পণ্যমূল্য স্থিতিশীল রাখতে খাদ্য মজুত পর্যাপ্ত: বাণিজ্যমন্ত্রী
- প্রকাশ : ০১:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৫ বার পাঠিত
নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। বিশেষ করে আসন্ন রমজান মাসে এই দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। তিনি আশ্বস্ত করে বলেন, “বর্তমানে দেশে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য সম্পূর্ণ পর্যাপ্ত।”
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে সিলেটবাসীর জীবনমান উন্নয়নের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, “আমরা সিলেটে কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের প্রসার এবং একটি আধুনিক এআই (AI) সেন্টার প্রতিষ্ঠার বিশেষ উদ্যোগ নেব।
আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে মন্ত্রী বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, আমলাতান্ত্রিক জটিলতা বা ‘লাল ফিতার দৌরাত্ম্য’ কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। এছাড়া প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা (Policy Support) প্রদানের কাজ চলছে, যার সুফল খুব শীঘ্রই দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, “আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে। আগামী পাঁচ বছরের প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এবং সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।












