জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রকাশ : ০৮:২৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার পাঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩৫ সদস্যের এই সফরসঙ্গী দলে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া রাজনৈতিক প্রতিনিধি হিসেবে সফরসঙ্গী হয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ঐতিহ্য অনুযায়ী বাংলায় ভাষণ দেবেন। তাঁর বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক বৈশ্বিক ব্যবস্থার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে মোট পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে দুটি সাইডলাইন ইভেন্টেরও আয়োজন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে পররাষ্ট্র সচিব জানান, বহুপক্ষীয় এই সফরের মূল কর্মসূচিতে পরিস্থিতির ওপর ভিত্তি করে নতুন কিছু আলোচনা যুক্ত হতে পারে।























