সরকারি ও বিরোধী দল মিলেমিশে দেশ চালাবে: ডা. শফিকুর রহমান
- প্রকাশ : ০১:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৩ বার পাঠিত
নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থে সরকারি দল ও বিরোধী দল মিলেমিশে কাজ করবে। তিনি জোর দিয়ে বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থান অপরিহার্য।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ডা. শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলীয় রাজনৈতিক কারণে যেন কোনো নাগরিক বা ভিন্ন মতাদর্শের মানুষের ওপর জুলুম না হয়, সেদিকে সরকারকে কঠোর নজর রাখতে হবে। তিনি বলেন, “ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠা করা সরকারের প্রধান দায়িত্ব।
সংসদীয় রাজনীতি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধী দলের গঠনমূলক পরামর্শ ও জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো যদি সরকার আমলে না নেয়, তবে সংসদে রাজপথের মতো কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের অধিকার আদায়ের প্রশ্নে কোনো আপস করা হবে না।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের আমির বলেন, জামায়াত কোনোভাবেই স্বাধীন সাংবাদিকতার ওপর কোনো প্রকার হুমকি মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, বর্তমানে গণমাধ্যমের ওপর এক ধরনের ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর সব ধরণের বাধা অপসারণের দাবি জানান।
ইফতার মাহফিলে দলের স্থানীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












