বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: নিহত ২, আহত ১০
- প্রকাশ : ০১:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৮৪ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের বিরামপুরে ভোরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের চন্ডিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস বিরামপুরের চন্ডিপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বাসের হেলপার এবং এক যাত্রীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে মোশারফ হোসেন বাবু (৫৮) নামে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহত ১০ যাত্রীকে উদ্ধার করে বিরামপুর ও পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ভোরবেলায় এই দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিরামপুর থানার এসআই আমির হুসাইন জানিয়েছেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘাতক বাস ও ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।


















