জুলাই সনদ ও সংবিধান সংস্কারে সরকারকে জনআকাঙ্ক্ষা প্রতিফলনের আহ্বান ডা. শফিকের
- প্রকাশ : ০৯:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ৯২ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক
জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কারের প্রশ্নে সরকার উপেক্ষার নীতি অনুসরণ করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনের বাইরে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের ভোট ও জনমতকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন এবং সাধারণ মানুষও সেই আহ্বানে সাড়া দিয়েছে। তিনি উল্লেখ করেন, যে আইনি প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একই প্রক্রিয়ায় গণভোটও সম্পন্ন হয়েছে। তাই একটিকে বৈধ এবং অন্যটিকে অবৈধ বলার কোনো যৌক্তিকতা নেই।
জামায়াত আমির জানান, গত ১৫ মার্চ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করার পর স্পিকারের নির্দেশনা অনুযায়ী তারা লিখিত নোটিস জমা দিয়েছেন। বিভিন্ন বাধা সত্ত্বেও স্পিকারের রুলিং অনুযায়ী আগামী ৩১ মার্চ এই বিষয়ে দুই ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার এই আলোচনায় গঠনমূলক সহযোগিতা করবে এবং জুলাই মাসের গণ-আকাঙ্ক্ষাকে ধারণ করে বিদ্যমান রাজনৈতিক সংকটের অবসান ঘটাবে।
বর্তমান সংসদ একটি বিশেষ প্রেক্ষাপট এবং অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে গঠিত হয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ও গঠন বিষয়ে সরকার প্রধানের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা আশা করেছিলেন তারা। তবে প্রধানমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর অতি-তৎপরতা এবং স্পিকারের রুলিংয়ের পরও তার কথা বলার চেষ্টাকে তিনি অনাকাঙ্ক্ষিত ও সংসদীয় রীতির পরিপন্থী বলে অভিহিত করেন।
তিনি আরও জানান, ৩১ মার্চের আলোচনায় অংশ নিয়ে তারা জনগণের ভোটাধিকার এবং সংবিধান সংস্কারের প্রশ্নে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরবেন। সরকার শেষ পর্যন্ত জনমতকে সম্মান জানাবে বলেই তিনি বিশ্বাস করেন।





















