চার জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত
- প্রকাশ : ০৬:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ৩৩৭ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
দেশের চার জেলার ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।
আবহাওয়ার বার্তায় জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে নদীবক্ষ উত্তাল থাকতে পারে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বিশেষ প্রয়োজনে চলাচলের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


















