নারী আসন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ
- প্রকাশ : ০২:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ৭২ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের লক্ষ্যে আজ শুক্রবার (১০ এপ্রিল) থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বেলা ১১টা থেকে এই কার্যক্রম শুরু হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগ্রহী প্রার্থীরা আজ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আগামী ১২ এপ্রিল বিকেল পর্যন্ত ফরম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত বুধবার (৮ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, আগামী ১২ মে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২২ ও ২৩ এপ্রিল।
তফশিল অনুযায়ী, প্রার্থীদের আপিল দায়েরের জন্য ২৬ এপ্রিল সময় রাখা হয়েছে, যা ২৭ ও ২৮ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি করা হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে দলগত অবস্থান অনুযায়ী আসন বণ্টন করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও তাদের জোট পাবে ৩৬টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটের জন্য বরাদ্দ থাকছে ১৩টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১টি আসন।
তফশিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বিএনপি আজ থেকে তাদের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ শুরু করছে।





















