জ্বালানি তেলের দাম বৃদ্ধি: সিন্ডিকেটের কাছে নতি স্বীকারের অভিযোগ সারজিস আলমের
- প্রকাশ : ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ২৬ বার পাঠিত
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সরকারের এই পদক্ষেপকে তিনি জ্বালানি খাতের প্রভাবশালী সিন্ডিকেটের কাছে নতি স্বীকার হিসেবে আখ্যায়িত করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম এই প্রতিক্রিয়া জানান।

সেখানে তিনি উল্লেখ করেন, সরকার সাধারণ মানুষের স্বার্থ রক্ষার চেয়ে জ্বালানি সিন্ডিকেটের দাবি পূরণে বেশি সচেষ্ট হয়েছে। তাঁর মতে, এ ধরনের সিদ্ধান্ত জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলবে।
উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে মূল্য সামঞ্জস্য করার কারণ দেখিয়ে শনিবার রাতে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে। নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া পেট্রোলের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা এবং অকটেনের দাম ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (১৯ এপ্রিল) থেকেই সারাদেশে এই নতুন মূল্য কার্যকর হবে। তবে সারজিস আলমের মতো রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা মনে করছেন, এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে গিয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের সৃষ্টি করবে। এর আগে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় বিক্রি হচ্ছিল।



