নওগাঁ ও চট্টগ্রামে ৭ খুন: জননিরাপত্তা নিয়ে জামায়াত আমিরের গভীর উদ্বেগ
- প্রকাশ : ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ৬৮ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁ ও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাতজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি দেশে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জননিরাপত্তার চরম সংকট নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের দম্পতি ও তাদের দুই শিশুসহ চারজনকে অত্যন্ত অমানবিকভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে চট্টগ্রামেও তিনজনকে নৃশংস কায়দায় প্রাণ দিতে হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে এভাবে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জামায়াত আমির প্রশ্ন তুলে বলেন, দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত থাকা অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা এভাবে হুমকির মুখে পড়া অত্যন্ত উদ্বেগজনক। সরকার এসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করছে কি না, তা নিয়ে দেশবাসী সন্দিহান। তিনি অভিযোগ করেন, সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা বর্তমানে বিরোধী দলের চরিত্রহননে বেশি ব্যস্ত সময় পার করছেন, যা দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না।
চট্টগ্রাম সিটি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সৃষ্ট উত্তেজনার বিষয়টিও তিনি উল্লেখ করেন। তিনি জানান, উভয় পক্ষের বেশ কিছু ছাত্র আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রদলের ধারালো অস্ত্রের আঘাতে এক শিবির কর্মীর পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান সরকারকে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি নওগাঁ ও চট্টগ্রামের নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। একইসঙ্গে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।





















