শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা: আজ জরুরি সভা ডেকেছে ছাত্রদল
- প্রকাশ : ০২:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ৭০ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চলমান উত্তপ্ত পরিস্থিতি ও অস্থিরতা পর্যালোচনায় জরুরি সাংগঠনিক সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সভার বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতি এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে সাংগঠনিক করণীয় ঠিক করতেই এই জরুরি সভার আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই গুরুত্বপূর্ণ সভায় দেশের প্রধান পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ছাত্রদল প্রতিনিধিদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ নেতারা রয়েছেন।
রাজধানীর বড় কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ ও তেজগাঁও কলেজের প্রতিনিধিদের সভায় অংশ নিতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীনস্থ গুরুত্বপূর্ণ ইউনিটগুলোকেও এই সভার আওতাভুক্ত করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ইউনিটকে নির্ধারিত সময়ের মধ্যে সভায় অংশগ্রহণ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলা ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা নিরসনে এই সভা থেকে গুরুত্বপূর্ণ কোনো সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।





















