আন্দোলন থামাতে ৫০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল: রিফাত রশিদ
- প্রকাশ : ০৬:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ৩৩৩ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আন্দোলন থামিয়ে দিতে বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি ও নবগঠিত এনসিপি নেতা রিফাত রশিদ। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বিস্ফোরক দাবি করেন।
রিফাত রশিদ জানান, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যখন আন্দোলন তুঙ্গে, তখন তাদের বেশ কয়েকজন শীর্ষ নেতা ডিবি কার্যালয়ে বন্দি ছিলেন। সেই সময়ে আন্দোলন দমন বা থামিয়ে দেওয়ার বিনিময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সংসদ সদস্যের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০০ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
সংবাদ সম্মেলনে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগকেও সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার প্রচারণায় সরকারি অনুদান লোপাটের যে অপপ্রচার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি।
রিফাত রশিদ আরও বলেন, আন্দোলনের প্রচারণায় ব্যয় হওয়া অর্থের প্রতিটি হিসাব স্বচ্ছ। বাংলাদেশ ব্যাংকের একটি তালিকাভুক্ত অডিট ফার্মের মাধ্যমে যাবতীয় আয়-ব্যয়ের অডিট সম্পন্ন করা হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক সেই প্রতিবেদন গ্রহণ করেছে।
একই সংবাদ সম্মেলনে আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, অর্থ আত্মসাতের অভিযোগটি একটি নির্দিষ্ট মহলের সাজানো নাটক। ক্যাম্পেইন পরবর্তী সকল হিসাব অডিট করে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দেওয়া হয়েছে। যদি কোনো ধরনের অনিয়ম থাকত, তবে বাংলাদেশ ব্যাংক অনেক আগেই ব্যবস্থা নিত। তারা জানান, আন্দোলনের স্বচ্ছতা ক্ষুণ্ণ করতেই এই ধরণের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।





















