পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকার প্রস্তাব গৃহীত, ১ ডিসেম্বর থেকে কার্যকর
- প্রকাশ : ০৪:১৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পাঠিত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দীর্ঘ আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির একটি নির্দিষ্ট অঙ্কে একমত হতে পারেননি। পরে বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। আজ ভোরের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ড চেয়ারম্যান জানান, চারটি গ্রেডের মধ্যে প্রথম তিনটির মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী গ্রেড-১ এ মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২ এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩ এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে সর্বনিম্ন বা চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ একমত হতে না পারায় ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটের আয়োজন করা হয়। বৈঠকে শ্রমিকপক্ষের সর্বশেষ সংশোধিত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটাভুটিতে ছয় সদস্যের মধ্যে চারজন মধ্যবর্তী অঙ্ক ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চতুর্থ গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।
নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারি মাসে পরিশোধ করা বেতনের সঙ্গে শ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন।
পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করা হবে, যাতে সব পর্যায়ের শ্রমিকরাই এর সুফল পান। এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি ও বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে।
বোর্ড চেয়ারম্যান জানান, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় ও কার্যকরের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এরপর কারখানাগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন এবং নিরপেক্ষ সদস্য ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

















