দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত: রপ্তানিমুখী খামার গড়ে তোলা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্বারোপ
- প্রকাশ : ১১:৩৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ১৬ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর ও প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয় রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এবং প্রাণিসম্পদ বাঁচালে বাঁচবে দেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- জনাব প্রবীর বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি), দৌলতপুর, মানিকগঞ্জ
- জনাব এ. মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দৌলতপুর, মানিকগঞ্জ
- জনাব মো. লুৎফে আল মুইজ্জ, উপজেলা কৃষি কর্মকর্তা, দৌলতপুর, মানিকগঞ্জ
- জনাব সুরাইয়া আক্তার তন্নী, উপজেলা মৎস্য কর্মকর্তা, দৌলতপুর, মানিকগঞ্জ
- মো. আবু তালেব, ইন্সপেক্টর (তদন্ত), দৌলতপুর থানা
- মো. জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা শিক্ষা অফিসার, দৌলতপুর, মানিকগঞ্জ
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন, বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চরাঞ্চল ও নদীবেষ্টিত দৌলতপুর উপজেলায় গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সনাতন পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানসম্মত ও আধুনিক খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, গবাদিপশুর বিভিন্ন সংক্রামক রোগবালাই প্রতিরোধে খামারিদের নিয়মিত টিকা প্রদান ও কৃমিনাশক ওষুধ ব্যবহারে সচেতন হতে হবে। পাশাপাশি ভেজালমুক্ত ও সুষম গোখাদ্য নিশ্চিতকরণ, খামারের বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকদের নিয়মিত পরামর্শ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে উৎপাদিত দুধ, মাংস ও ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারলে দেশীয় চাহিদা মিটিয়ে ভবিষ্যতে বিদেশেও প্রাণিজাত পণ্য রপ্তানি করা সম্ভব হবে বলে মত দেন অতিথিরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সফল খামারি, পোল্ট্রি ও ডেইরি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, প্রাণিসম্পদ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের এই আয়োজন দৌলতপুরের খামারিদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং এলাকার প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


















