হত্যাচেষ্টা মামলার আসামি ও বুটেক্স ছাত্রলীগের সহ-সভাপতি আশুলিয়ায় গ্রেপ্তার
- প্রকাশ : ০১:২১:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৬ বার পাঠিত

ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখার সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল মুস্তাকিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হামলা, নাশকতা ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় ১৫০ নম্বর আসামি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকার তিন রাস্তার মোড় সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার আবদুল্লাহ আল মুস্তাকিম দিনাজপুর জেলার বিরল উপজেলার ধামাহার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। গ্রেপ্তার এড়াতে এবং আত্মগোপনে থাকতে তিনি আশুলিয়ার পানধোয়া এলাকায় জনৈক ফয়াজের মালিকানাধীন একটি বাসায় ভাড়া থাকতেন। পাশাপাশি নিজের রাজনৈতিক পরিচয় আড়াল করে স্থানীয় এস ডি এস ইন্টারন্যাশনাল লিমিটেড (গিল্ডান) নামক একটি তৈরি পোশাক কারখানায় সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর এলাকায় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও নাশকতার ঘটনায় মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশ আরও জানায়, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি ও নাশকতা প্রতিরোধে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিউল আলম সোহাগ জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ এবং পূর্বের হত্যাচেষ্টা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।



















