আগামী নির্বাচনে টাংগাইল-৬ আসনে আলোচনায় ক্লিন ইমেজের নেতা শরিফুল ইসলাম স্বপন
- প্রকাশ : ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ১৬৯ বার পাঠিত

নান্নু মিয়া, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাঠে এখন সরব এক নাম শরিফুল ইসলাম স্বপন। নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এই ক্লিন ইমেজের নেতা এখন দলের কর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের মাঝেও আলোচনার কেন্দ্রবিন্দু।
দিনরাত মাঠে ছুটে চলেছেন শরিফুল ইসলাম স্বপন। কখনো কৃষকের জমিতে, কখনো হাটে-বাজারে, আবার কখনো চায়ের দোকানের আড্ডায় তিনি শোনাচ্ছেন বিএনপির ৩১ দফা কর্মসূচি । সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলে তাদের আশা-আকাঙ্ক্ষা, কষ্ট ও চাহিদা শুনছেন মনোযোগ দিয়ে । তিনি বিশ্বাস করেন “গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতেই হবে।”
এই কর্মসূচির মধ্য দিয়েই তিনি জনগণকে আবারও বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শরিফুল ইসলাম স্বপনের রাজনীতি শুধু প্রচার-প্রচারণায় সীমাবদ্ধ নয়। এলাকাজুড়ে তাঁর মানবিক কর্মকাণ্ড, শিক্ষা সহায়তা, অসহায় পরিবারের পাশে থাকা সবই তাঁকে দিয়েছে ভরসার প্রতীক হিসেবে পরিচিতি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা, অসুস্থ মানুষদের চিকিৎসা সহায়তা এসব কাজের জন্য এলাকাবাসীর ভালোবাসা অর্জন করেছেন তিনি। স্থানীয় এক কৃষক বলেন, “স্বপন সাহেব শুধু রাজনীতি করেন না, মানুষের পাশে থাকেন। আমাদের সুখ-দুঃখে তাঁকে দেখা যায়। এমন নেতা খুব কম দেখা যায়।”
জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবারে জন্ম নেওয়া শরিফুল ইসলাম স্বপন ছোটবেলা থেকেই জিয়াউর রহমানের আদর্শ ও শহীদ প্রেসিডেন্টের দেশপ্রেমে অনুপ্রাণিত। রাজনীতির পাশাপাশি তিনি একজন শিক্ষানুরাগী এবং সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তৃণমূল নেতাকর্মীদের মতে “স্বপন ভাই কর্মীবান্ধব মানুষ। তিনি সব সময় আমাদের পাশে থাকেন। নেতার দরকার শুধু কথা নয়, কাজ আর সেটাই তিনি করে দেখাচ্ছেন।”
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরপুর ও দেলদুয়ারে বিএনপির প্রচারে সবচেয়ে বেশি সক্রিয় রয়েছেন শরিফুল ইসলাম স্বপন। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও বাজারে চলছে তাঁর প্রচারণা। তরুণ ও প্রবীণ কর্মীদের নিয়ে গড়ে তুলেছেন শক্তিশালী নির্বাচনী সংগঠন।
শরিফুল ইসলাম স্বপন গণমাধ্যম কে বলেন, “আমি জনগণের সন্তান। জনগণের সেবা করাই আমার রাজনীতি। বিএনপি ক্ষমতায় এলে আমরা মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনব ।”
বর্তমান রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি, কৃষকের সংকট এবং বেকারত্বের মতো সমস্যার মধ্যেও মানুষ এখন বিকল্প নেতৃত্ব খুঁজছে। এলাকার অনেকেই মনে করেন এই আসনে বিএনপির একমাত্র গ্রহণযোগ্য, পরিশ্রমী ও ক্লিন ইমেজের প্রার্থী হলেন শরিফুল ইসলাম স্বপন। তরুণ ভোটারেরা বলেন,
“আমরা এমন নেতা চাই, যিনি জনগণের কণ্ঠস্বর হবেন। স্বপন ভাইয়ের মতো মানুষই এখন আমাদের আশার প্রতীক।”
নাগরপুর ও দেলদুয়ারের মানুষ এখন নতুন নেতৃত্বের অপেক্ষায়। মাঠে তাঁর নিরলস কর্মতৎপরতা, সংগঠনের প্রতি আনুগত্য ও জনগণের ভালোবাসায় শরিফুল ইসলাম স্বপন হয়ে উঠেছেন টাংগাইল-৬ আসনে পরিবর্তনের এক সম্ভাবনাময় নাম। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের শপথ নিয়ে তিনি প্রতিদিন ছুটে চলেছেন মানুষের দোরগোড়ায় গণমানুষের রাজনীতির পুনর্জাগরণে।





















