নলডাঙ্গায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, এলাকায় উত্তেজনা
- প্রকাশ : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৯ বার পাঠিত

নিজস্ব প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছাতারভাগ গ্রামে এই ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে ছাতারভাগ গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করে। হামলাকারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। তছনছ করা হয় কার্যালয়ের অভ্যন্তরীণ সামগ্রী। হামলার পরপরই অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার বিষয়ে স্থানীয় যুবদল নেতৃবৃন্দ জানান, আওয়ামী লীগের চিহ্নিত কয়েকজন নেতাকর্মী এই হামলায় সরাসরি জড়িত। তারা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এদিকে ঘটনার পর অভিযুক্তদের এলাকায় পাওয়া না যাওয়ায় এ বিষয়ে তাদের কোনো মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





















