সিংগাইরে কৃষিজমি ধ্বংস করে মাটি লুটের মহোৎসব: ডালিম চক্রের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ
- প্রকাশ : ১১:৫৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ৩৩ বার পাঠিত
স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া গ্রামে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী ডালিম হোসেনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন আবাদি জমি বিলীন হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও গ্রামীণ রাস্তাঘাট মারাত্মক হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সূত্রে জানা যায়, গারাদিয়া গ্রামের আবাদি জমি থেকে গত কয়েক মাস ধরে নিয়মিত মাটি উত্তোলন করা হচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে চক্রটি বেছে নিয়েছে গভীর রাতকে। প্রতিদিন রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত ডজনখানেক ট্রাক ও ট্রাক্টরের সাহায্যে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। যত্রতত্র মাটি কাটার ফলে পাশের জমিগুলোও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
গ্রামবাসীদের দাবি, ডালিমের নেতৃত্বে এই চক্রটি এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ কৃষকদের জিম্মি করে রেখেছে। কেউ প্রতিবাদ করতে গেলে তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। এছাড়া ভারী ট্রাক ও ড্রাম ট্রাক চলাচলের কারণে গ্রামের কাঁচা-পাকা রাস্তাগুলো ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ সকল নিয়ম অমান্য করে এই কার্যক্রম চলছে। এ বিষয়ে গারাদিয়া গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়েছে।
সিংগাইর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফসলি জমির মাটি কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



