বিসিবি পুনর্গঠনে রাজনৈতিক হস্তক্ষেপ ও লবিংয়ের অভিযোগ আসিফ মাহমুদের
- প্রকাশ : ০৬:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ২০ বার পাঠিত
ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভাঙার প্রক্রিয়া এবং এতে বহিরাগত প্রভাব নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৫ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিসিবির ওপর আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা বা আর্থিক জরিমানা এড়াতে দেশের একজন স্বনামধন্য ক্রিকেটার নেপথ্যে লবিং চালিয়ে যাচ্ছেন।
আসিফ মাহমুদের অভিযোগ অনুযায়ী, ওই ক্রিকেটার সম্প্রতি লন্ডনে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি আইসিসি সভাপতি জয় শাহের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করে দিতে পাপনকে অনুরোধ জানান। তার দাবি, বিসিবির অভ্যন্তরীণ বিষয়ে পার্শ্ববর্তী দেশ এবং বিগত সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের পুনরায় সম্পৃক্ত করার চেষ্টা চলছে।
সাবেক এই উপদেষ্টা বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন। তার দাবি, বর্তমান বোর্ড ডিরেক্টরদের পদত্যাগে বাধ্য করতে পদমর্যাদার প্রলোভন অথবা ভীতি প্রদর্শন করা হচ্ছে। বোর্ডের ওপর এমন সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের ফলে বাংলাদেশের ক্রিকেটে আইসিসির নিষেধাজ্ঞা নেমে আসতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এক্ষেত্রে তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর আইসিসির অতীত নিষেধাজ্ঞার উদাহরণও টেনে আনেন।
জাতীয় পর্যায়ের অন্য কাজে ব্যস্ত থাকায় বিসিবির বিষয়ে সরাসরি যুক্ত হতে না চাইলেও দেশের স্বার্থে এসব তথ্য জনগণের জানা উচিত বলে মনে করেন আসিফ মাহমুদ। একই সঙ্গে বর্তমান সরকার এই স্পর্শকাতর বিষয়গুলো সম্পর্কে অবগত কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত কমিটির ডাকে তার সাড়া না দেওয়ার কারণও ওই পোস্টে ব্যাখ্যা করেছেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা।



