বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চেয়ে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
- প্রকাশ : ০২:৫৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ১৯ বার পাঠিত
নিজস্ব প্রতিবেদক:
বগুড়া ও শেরপুরের উপ-নির্বাচন এবং স্থগিত আসনে ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বগুড়া ও শেরপুরের নির্বাচনে প্রমাণ হয়েছে যে দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বৃহস্পতিবারের এই নির্বাচনে যে ধরনের অনিয়ম হয়েছে, তা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তিনি অবিলম্বে বগুড়া ও শেরপুরের বিতর্কিত নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণার জোর দাবি জানান।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত নেতাকর্মীদের ওপর নগ্ন হামলা চালিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।



