নুরকে সরাতে জামায়াত-শিবিরের তৎপরতার অভিযোগ রাশেদ খাঁনের
- প্রকাশ : ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ২০ বার পাঠিত
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
গণঅধিকার পরিষদের সভাপতি ও বর্তমান সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে পদ থেকে সরিয়ে দিতে দলের ভেতরে ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবির কর্মীরা ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খাঁন। তার দাবি, নতুন প্রজন্মের রাজনীতির সম্ভাবনাকে নস্যাৎ করতেই পরিকল্পিতভাবে এই তৎপরতা চালানো হচ্ছে।
শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশেদ খাঁন এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।
রাশেদ খাঁন উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে তরুণদের হাত ধরে রাজনীতির এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু জামায়াত-শিবির নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলে সেই সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করেছে। তিনি দাবি করেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)—এই দুটি দলের কোনোটিকেই নিজস্ব শক্তিতে দাঁড়াতে দেয়নি তারা। এমনকি ডাকসু নির্বাচনে আব্দুল কাদের যাতে ভিপি হতে না পারেন, সেজন্যও জামায়াত-শিবির একযোগে কাজ করেছে বলে তিনি অভিযোগ তোলেন।
সাবেক এই ছাত্রনেতার মতে, এনসিপির প্রায় ৮০ শতাংশ নেতাকর্মীই জামায়াত-শিবির থেকে আসা। তারা কখনোই দলের মূল আদর্শ অনুযায়ী কাজ করতে দেয় না। সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে জামায়াত-শিবির এসব নতুন দলে নিজেদের কর্মী ঢুকিয়ে দেয় এবং একপর্যায়ে পুরো দলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।
নিজের দল ছাড়ার কারণ ব্যাখ্যা করে রাশেদ খাঁন বলেন, গণঅধিকার পরিষদের ভেতরে ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবির কর্মীদের অত্যাচারে তিনি দল ছাড়তে বাধ্য হয়েছিলেন। ওই সময় তারা গণঅধিকার পরিষদকে জামায়াতের সাথে একীভূত করার পরিকল্পনা করেছিল। এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মানসিকভাবে ব্যাপক বিপর্যস্ত করা হয়। এমনকি একপর্যায়ে নুরুল হক নুরকে দল থেকে বহিষ্কার করার জন্য ভুয়া সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল।
রাশেদ খাঁন দাবি করেন, ষড়যন্ত্রকারীরা এখন নুরুল হক নুরের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার মিশনে নেমেছে। নুরকে প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে তারা ভেতরে-বাইরে বিভিন্নভাবে কাজ করছে। তরুণদের হাত ধরে আসা এই নতুন ধারার রাজনীতিকে গলা টিপে হত্যা করার জন্য জামায়াত-শিবিরকে সরাসরি দায়ী করেন তিনি।
উল্লেখ্য, রাশেদ খাঁন গত নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেওয়ার আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।



