ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি: তদন্তে নামছে এফবিআই
- প্রকাশ : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ২৫৭ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য গিয়ে নিখোঁজ হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। গত পাঁচ দিন ধরে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় স্নাতকোত্তর (এমএসসি) পর্যায়ে অধ্যয়নরত আছেন।
বিভাগীয় ও সহপাঠীদের সূত্রে জানা গেছে, বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পাঁচ দিন আগে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। বৃষ্টির পাশাপাশি তাঁর সঙ্গে থাকা ওই সহপাঠীর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।
ঘটনাটি জানার পরপরই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় পুলিশ ও স্টেট পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বৃষ্টির সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে শনাক্ত করা গেলেও এরপর থেকে তাঁর ফোনটি বন্ধ রয়েছে।
বিষয়টি ইতিমধ্যে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেলকে জানানো হয়েছে। কনস্যুলেট সূত্র জানিয়েছে, নিখোঁজ শিক্ষার্থীর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে এই অনুসন্ধানে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) সম্পৃক্ত করার প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় হাসপাতাল, বিমানবন্দর ও ডিটেনশন সেন্টারগুলোতে খোঁজ নিয়ে এখন পর্যন্ত তাঁর কোনো হদিস পায়নি।
নিখোঁজ বৃষ্টির পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার তাঁর সঙ্গে শেষবারের মতো কথা হয়েছিল। এরপর থেকে কোনো যোগাযোগ করতে না পেরে তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁরা যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সহায়তার অনুরোধ জানিয়েছেন।
সহপাঠী, বন্ধু ও পরিবারের সদস্যরা বৃষ্টির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাঁর সম্পর্কে কোনো তথ্য থাকলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরিবারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।










