ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে অস্থিরতা সৃষ্টি করছে: আসাদুজ্জামান ফুয়াদ
- প্রকাশ : ০২:২১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ২০ বার পাঠিত
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অস্থিরতা ও অস্থিতিশীল পরিস্থিতির পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের দায়ী করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দাবি করেছেন, ছাত্রদলের ভেতরে গোপনে ছাত্রলীগের লোকজন প্রবেশ করে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসাদুজ্জামান ফুয়াদ দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাত্রদলকে এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারী ছাত্রলীগ কর্মীরা সংগঠনের ভেতরে ঢুকে উস্কানি দিচ্ছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। এই ধরনের অরাজক পরিস্থিতি সরকারের প্রশাসনিক দক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন।
এবি পার্টির এই শীর্ষ নেতা আরও দাবি করেন, এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বরং গভীর ষড়যন্ত্রের অংশ। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বড় ধরনের কোনো ছক বা ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ চালানো হচ্ছে কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা এবং বিভিন্ন ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির পর রাজনৈতিক অঙ্গনে এমন অভিযোগ নতুন মাত্রা যোগ করল।



