জামায়াত আমিরের বক্তব্য প্রত্যাখ্যান ফখরুলের: ১ মে শ্রমিক দলের সমাবেশের ঘোষণা
- প্রকাশ : ০৬:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ২৯ বার পাঠিত
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত আমিরের মন্তব্যকে বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি বলেন, ওই রাজনৈতিক দলটির নেতৃত্ব কখনোই জনআকাঙ্ক্ষা অনুযায়ী ইতিবাচক চিন্তা করতে পারে না।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে—জামায়াত আমিরের এমন দাবি প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল বলেন, দেশি-বিদেশি সকল পর্যবেক্ষক এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু বলে স্বীকৃতি দিয়েছেন। বিএনপি তাদের বিপুল জনপ্ৰিয়তার প্রমাণ দিয়ে ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, একটি মহল তা নস্যাৎ করার পাঁয়তারা করছে। তারা কৌশলে দেশে আবারও স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় কি না, তা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, অতীতের কর্মকাণ্ডের জন্য জনগণ ইতিমধ্যে ওই দলকে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
সংবাদ সম্মেলনে আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। ওইদিন দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি প্রমুখ।



