ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়া যাবে না: রুহুল কবির রিজভী
- প্রকাশ : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ৩২৯ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
মুক্তিযুদ্ধকে কৌশলে সাধারণ মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়ার যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন।
নবগঠিত ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির এই শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, রাজনীতিতে বিবাদ, বিতর্ক বা প্রতিবাদ থাকতে পারে, তবে সব সমস্যার সমাধান হতে হবে আলোচনার মাধ্যমে। আলোচনার মাধ্যমেই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব বলে তিনি মনে করেন।
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই নেতা জানান, এটি কোনো দলীয় সমস্যা নয় বরং একটি বৈশ্বিক সংকট। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতিগুলো ক্রমান্বয়ে বাস্তবায়ন করছেন এবং তাঁর সুযোগ্য নেতৃত্বেই দেশ এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।
এ সময় স্বাস্থ্য খাতের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, চিকিৎসা সেবার মানোন্নয়নে সরকার সজাগ রয়েছে। কোনো শিশু যেন সঠিক চিকিৎসার অভাবে বা প্রতিরোধযোগ্য রোগে মৃত্যুবরণ না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।





















