দিনাজপুরে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন সম্পন্ন
- প্রকাশ : ০৭:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ৫৩ বার পাঠিত
স্টাফ রিপোর্টার: এস এ অলক
দিনাজপুরে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে গাক চক্ষু হাসপাতালের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জনাব জেদান আল মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সম্মানিত সিভিল সার্জন জনাব আসিফ ফেরদৌস।
সিভিল সার্জন তার বক্তব্যে বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা একটি মহৎ উদ্যোগ। সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রমের পরিধি আরও বাড়ানো প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতালের উপদেষ্টা ডাঃ মোঃ মোস্তাকিম বিল্লাহ অর্থি। তিনি সাধারণ রোগীদের মাঝে চোখের সঠিক যত্ন ও স্বাস্থ্য সচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। শিবিরের আওতায় অসংখ্য রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া জটিল রোগীদের ছানি অপারেশনের জন্য বিশেষভাবে নির্বাচন করা হয়।
গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষের কল্যাণে তাদের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।



