ফুটপাতে চাঁদাবাজি বন্ধে হকারদের আইডি কার্ড দিচ্ছে ডিএসসিসি
- প্রকাশ : ০৬:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ৩২৩ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বর্তমান সরকারের গত দুই মাসের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াতে ইসলামী হতাশায় ভুগছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। সরকারের কাজের গতি দেখে বিরোধী দল আতঙ্কিত হয়ে এখন অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
শনিবার (০২ মে) দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় রাস্তার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক অভিযোগ করেন, বর্তমান সরকারের সফলতায় ঘাবড়ে গিয়ে একটি পক্ষ প্রশাসনকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর গত দুই মাসের কার্যক্রমে তারা এতটাই তটস্থ যে, এখন সরকারের দুর্নাম রটানোই তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ফুটপাতে চাঁদাবাজি বন্ধে নতুন এক উদ্যোগের কথা জানান আবদুস সালাম। তিনি ঘোষণা দেন, চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে এবং হকারদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনতে তাদের প্রত্যেককে পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকা শহরের সামগ্রিক চেহারা বদলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভবিষ্যতে দায়িত্ব পেলে এই এলাকার সব নাগরিক সমস্যা দূর করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সব সংস্থার মধ্যে যথাযথ সমন্বয়ের মাধ্যমেই নগরের উন্নয়নকাজগুলো স্থায়িত্ব পাবে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















