সরকারের উদাসীনতায় স্বাস্থ্যখাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: সেলিম উদ্দিন
- প্রকাশ : ১২:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৭২ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণেই দেশের স্বাস্থ্যখাতে বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রোববার (৩ মে) রাজধানীর মিরপুরের ইসলামী সমাজ কল্যাণ সমিতি অডিটোরিয়ামে হাম প্রতিরোধে করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পিপল রিএনিমেট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট কমিউনিটি (প্রাক) আয়োজিত এই সেমিনারে সেলিম উদ্দিন বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার এবং রাষ্ট্র কতটা উন্নত তা নির্ভর করে জনগণের এই অধিকার নিশ্চিত করার ওপর। তার মতে, বর্তমান সরকার এক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য দেখাতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে হামের মতো রোগ প্রতিরোধে সরকারের সময়োচিত পদক্ষেপের অভাবে পরিস্থিতির অবনতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। যেকোনো মহামারি মোকাবিলায় সরকারকে পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
প্রাকের চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খানের সভাপতিত্বে এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. নূরুল ইসলাম শিকদারের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক ডা. ফখরুদ্দিন মানিক। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডমিন ইনচার্জ মো. জুবায়ের হোসাইন রাজন ও ডক্টরস সার্ভিস ইনচার্জ ডা. খালিদ বিন আলীসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সেমিনার শেষে ওই দিনই ‘প্রাক হেলথ কেয়ার সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা সিটি উত্তর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। এসময় তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।




















