নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবীর: দৌলতপুরে অর্থ, ঢেউটিন ও কৃষি উপকরণ বিতরণ
- প্রকাশ : ০২:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ৩৩ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দৌলতপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এই সব সামগ্রী তুলে দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা শাখার সহযোগিতায় প্রথম পর্বে নদীভাঙনে সর্বস্ব হারানো পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলা হলরুমে আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় স্কুল শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা এবং উন্নত মানের বীজসহ কৃষি উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার এবং কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। এছাড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজিব হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান অতিথি তাদের বক্তব্যে উল্লেখ করেন, সরকারি প্রতিটি অনুদান প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে সঠিকভাবে পৌঁছে দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য। বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে। ভাঙনকবলিত এলাকায় বর্তমানে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে এবং অচিরেই সেখানে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে। সেই সাথে দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী করতে কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণসহ সব ধরনের কৃষি সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
















