আওয়ামী লীগের পর এবার বিএনপির নাম ভাঙিয়ে লিমনের বালু উত্তোলনের উৎসব: বিপন্ন কালীগঙ্গা, হুমকিতে জনপদ
- প্রকাশ : ০৭:৫৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ৩৫ বার পাঠিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ছিদাম নগর এলাকায় কালীগঙ্গা নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয় বাসিন্দা লিমন নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আইনকানুনের তোয়াক্কা না করে এই অবৈধ বালু ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।
ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে নদীপাড়ের বিস্তীর্ণ এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকিতে পড়েছে স্থানীয়দের শত শত বিঘার ফসলি জমি ও বসতবাড়ি। ভুক্তভোগীদের আক্ষেপ, যেখানে নদীভাঙন রোধে সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও হিমশিম খাচ্ছে, সেখানে কতিপয় অসাধু চক্র প্রশাসনের নাকের ডগায় বসে নদী ধ্বংসের খেলায় মেতেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তন হলেও নদীখেকোদের দাপট কমেনি। আওয়ামী লীগ সরকারের আমলেও অভিযুক্ত লিমন ক্ষমতার প্রভাব খাটিয়ে একইভাবে বালু উত্তোলন করতেন। বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তিনি বিএনপির নাম ভাঙিয়ে ও দলীয় প্রভাব খাটিয়ে বীরদর্পে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ফলে লিমনের এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
পরিবেশবিদ ও এলাকাবাসীর দাবি, এভাবে প্রতিনিয়ত বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি হুমকিতে পড়ছে নদীপাড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য। দ্রুত এই বালু উত্তোলন বন্ধ করা না গেলে আগামী বর্ষায় বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসী অনতিবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত স্পটে টাস্কফোর্স বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ড্রেজার বন্ধ এবং একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত লিমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীল কোনো কর্মকর্তার কাছ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
















