প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন এমপি জিন্নাহ কবির
- প্রকাশ : ০৫:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ৬ বার পাঠিত

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের উদ্যোগে ও উপস্থিতিতে জেলার ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় একযোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘সবুজ বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নির্বাচনী ইশতেহারের অন্যতম মূল প্রতিশ্রুতি—আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এই কর্মসূচি দেশজুড়ে বিশেষ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের যুবসমাজকে রক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান স্তম্ভ হলো মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি। একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত রাখা জরুরি। বৃক্ষরোপণ ও সামাজিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের করাল গ্রাস থেকে তাদের দূরে রাখা সম্ভব। মাদকের বিস্তার রোধে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আপস করা হবে না বলে অনুষ্ঠানে হুঁশিয়ারি দেওয়া হয়।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু। এছাড়া জেলা ও সংশ্লিষ্ট উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।














