সুশাসন ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে ধামসোনা ইউপি নির্বাচনে আলোচনায় আলহাজ্ব ইসরাফিল হোসেন
- প্রকাশ : ১০:০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার পাঠিত

আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে প্রার্থিতার সমীকরণ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে সৎ, আদর্শবান ও জনসেবামূলক ব্যক্তিত্ব হিসেবে আলহাজ্ব ইসরাফিল হোসেনকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
শুক্রবার ডেন্ডাবর আমার স্কুল জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের নির্বাচনী ভাবনা ও এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি।
এ সময় আলহাজ্ব ইসরাফিল হোসেন জানান, দীর্ঘ সময় ধরে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও আস্থাই তাকে এই নির্বাচনে অংশগ্রহণের জন্য মূলত অনুপ্রাণিত করেছে।
ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা প্রসঙ্গে তিনি বলেন, বিগত দিনগুলোতে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে একধরনের হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। পরিবর্তনকামী জনতা এখন কার্যকর ও সেবামুখী নতুন নেতৃত্ব দেখতে চায়। জনগণের সেই মৌলিক প্রত্যাশা পূরণের লক্ষ্যেই তিনি প্রার্থী হয়েছেন বলে জানান।
নির্বাচনকালীন পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান এবং বলেন, নির্দলীয় ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটাররা কোনো রকম প্রভাব ছাড়াই তাদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এছাড়া যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা বল প্রয়োগের মাধ্যমে জনগণের রায় ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা সফল হবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে, আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় পরিচয়ের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, সততা এবং জনবান্ধব ইমেজই ভোটারদের প্রধান বিবেচ্য বিষয় হবে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভোটের মাঠে এই জনসমর্থন ও ইতিবাচক আলোচনার সঠিক প্রতিফলন কীভাবে ঘটে।


















