মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
- প্রকাশ : ০৪:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৯ বার পাঠিত

মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দীনের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলার সর্বস্তরের জনগণ।
বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা হাসপাতাল চত্বরে মিছিল করেন এবং তত্ত্বাবধায়কের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডা. বাহাউদ্দীন প্রভাবশালী ব্যক্তিদের ছায়াতলে থেকে হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন। হাসপাতালকেন্দ্রিক নিজের মনোনীত ব্যক্তিদের কাজ পাইয়ে দিতেও তিনি প্রভাব খাটিয়েছেন। বক্তারা চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে দ্রুত তাকে অপসারণ এবং এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দীন। তিনি জানান, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের হাসপাতালে যথাযথভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে যা নথিপত্রে রয়েছে। টেন্ডার বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালের সমস্ত দরপত্র প্রক্রিয়া ই-জিপি ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগের কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব পালনের বাইরে রাজনৈতিক কোনো বিষয়ে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তিনি।










