সাভার-আশুলিয়ায় বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন: শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান সালাউদ্দিনের
- প্রকাশ : ১২:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৬ বার পাঠিত

সাভার ও আশুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এ মোটরসাইকেল শোডাউনটি অনুষ্ঠিত হয়। শোডাউন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে পোশাক শ্রমিকদের আশ্বস্ত করার পাশাপাশি নানা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রধান অতিথি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
সমাবেশে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে এই সংসদ সদস্য জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধির ব্যাপারে ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারের উদ্যোগে গার্মেন্টস মালিক, শ্রমিক নেতা এবং বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের সাথে ফলপ্রসূ আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত এসেছে। আগামী ডিসেম্বর মাস থেকেই শ্রমিকরা এই বর্ধিত বেতন হাতে পাবেন।
বক্তব্যে বিচ্যুত ও পরাজিত শক্তির চক্রান্তের বিষয়ে সবাইকে সতর্ক করে দেওয়ান সালাউদ্দিন বলেন, পরাজিত ফ্যাসিবাদী সরকারের দোসররা এখনো নানা অপচেষ্টায় লিপ্ত। তারা পোশাক শ্রমিকদের মধ্যে মিশে গিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা বিনষ্ট ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। এই সুযোগসন্ধানীদের যে কোনো অপকর্ম প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীসহ সবাইকে প্রস্তুত ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের অনুসারীরা যেন শ্রমিকদের ভিড়ে মিশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে পাথালিয়া ৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সোবহান বক্তব্য রাখেন। তিনি নিজ নিজ এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।













