সাটুরিয়ায় নিরাপদ খাদ্য ও বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশ : ১২:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৪৮ বার পাঠিত

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য ব্যবসা পরিচালনা এবং বাজার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মানিকগঞ্জ জেলা কার্যালয় ও সাটুরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোছাঃ রৌশন আরা বেগমের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাটুরিয়া বাজার কমিটির আহবায়ক আবুল বাশার সরকার এবং সাটুরিয়া ক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী।
প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মনিরুজ্জামান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী নূর বক্স রতন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে খাদ্যব্যবসা পরিচালনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ, খাদ্যদ্রব্যের মান বজায় রাখা, ভেজাল প্রতিরোধ এবং সঠিক বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন কারিগরি ও আইনি বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় খাদ্য ব্যবসায়ীরা অংশ নেন।
















