আশুলিয়ার শিমুলিয়া ভূমি অফিসে বহিরাগত স্বপনের দাপট: নায়েবের আসনেই চলে অনিয়ম
- প্রকাশ : ১১:১৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭ বার পাঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ঢাকার সাভারে উপজেলার শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে নিয়মবহির্ভূতভাবে এক বহিরাগত ব্যক্তির দাপ্তরিক কার্যক্রমে যুক্ত থাকার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভূমি অফিসের নিয়মিত কোনো কর্মকর্তা বা কর্মচারী না হয়েও ‘স্বপন’ নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অফিসে অবাধে যাতায়াত করছেন এবং সেবাগ্রহীতাদের জিম্মি করে বিভিন্ন অনিয়ম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, ভূমি সংক্রান্ত নানা সেবা নিতে আসা সাধারণ মানুষকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে দেওয়া হয় না। বরং অফিসে একটি মধ্যস্বত্বভোগী বা দালাল চক্রের পরিবেশ তৈরি করে স্বপনকে দিয়েই যাবতীয় কাজ করানোর ব্যবস্থা করা হয়েছে। এমনকি ভূমি অফিসের নায়েব নাছির উদ্দীনের ঠিক পাশেই বসে তাকে দাপ্তরিক ফাইলপত্র নাড়াচাড়া ও বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে দেখা যায়।
নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন জরুরি কাজের জন্য সাধারণ মানুষ বাধ্য হয়ে তার শরণাপন্ন হন। সরকারি কোনো পদ বা বৈধ অনুমোদন না থাকা সত্ত্বেও একজন বহিরাগত ব্যক্তি কীভাবে সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়মিত বসে দাপ্তরিক কাজ পরিচালনা করেন, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।
সরকারি নিয়ম অনুযায়ী সেবাগ্রহীতারা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে সরাসরি সরকারি মূল্যে সেবা পাওয়ার কথা থাকলেও, এমন অননুমোদিত হস্তক্ষেপের ফলে সাধারণ মানুষের হয়রানি ও দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনতিবিলম্বে এই সিন্ডিকেট ও বহিরাগতর দৌরাত্ম্য বন্ধে এবং সাধারণ মানুষ যাতে সরাসরি সরকারি নিয়মে ভূমিসেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাছির উদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে। এছাড়া অভিযুক্ত স্বপনের বক্তব্যও এ প্রতিবেদকের কাছে এখনো আসেনি।

















