দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
- প্রকাশ : ০৯:৫৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ৫৪ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুরে অত্যন্ত জমকালো ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত দৌলতপুর প্রিমিয়ার লীগ-২০২৬। ২১ অক্টোবর, বুধবার বিকেলে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে এক জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখা এবং তাদেরকে ক্রীড়ামুখী করে সুস্বাস্থ্য ও শারীরিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৮টি শক্তিশালী দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক।
বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আরফান আলী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শরিফুল ইসলাম সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতা মো. মিলন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুরুল ইসলাম মোল্লা এবং ছাত্রনেতা রিফাত হোসেন জিসান সহ এলাকার আরও অনেক অগণিত ক্রীড়ানুরাগী মানুষ।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দৌলতপুর এগারোস্টারআএবং আরএইচ ফুটবল টিম। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি শুরু থেকেই ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মাঠজুড়ে দুই দলের খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই ও চমৎকার ফুটবল কৌশল দর্শকদের বেশ আনন্দ যোগায়। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ জুড়ে উভয় দলই একাধিক আক্রমণের সুযোগ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত কোনো দলই গোলের মুখ দেখতে পায়নি। ফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি ০-০ গোলে ড্র হয়ে সমাপ্ত হয়।
আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, আধুনিক যুবসমাজকে খেলাধুলার আনন্দময় পরিবেশে ফিরিয়ে আনা এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের বার্তা পৌঁছে দেওয়াই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। আগামী দিনগুলোতেও টুর্নামেন্টের সবগুলো ম্যাচ দর্শকদের জন্য অত্যন্ত উপভোগ্য হবে বলে আশা ব্যক্ত করেন তারা।

















