ধামরাইয়ে ৩ বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক
- প্রকাশ : ০১:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ২১ বার পাঠিত

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় গভীর রাতে রহস্যজনক এক ঘটনার জেরে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওই এলাকার তিনটি বাড়ির প্রধান ফটক ও জানালায় কাফনের কাপড়, আতর, সাবান এবং গলাকাটা মুরগি ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এই চাঞ্চল্যকর ঘটনা জানাজানি হলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে গভীর উৎকণ্ঠা ও অজানা ভয় জেঁকে বসে। এর আগে বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটানো হয়।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে জেগে নিজ নিজ বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি দেখতে পান দুটি বাড়ির গৃহকর্তারা। এর আগে বুধবার রাতেই প্রতিবেশী মোসলেহ উদ্দিনের বাড়ির গ্রিলে একটি ব্যাগ ঝুলতে দেখা গিয়েছিল।
যাদের বাড়িতে এই রহস্যজনক ঘটনা ঘটানো হয়েছে, তারা হলেন—গত মাসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া মো. মোসলেহ উদ্দিন এবং তাঁর দুই প্রতিবেশী মো. ওয়াহিদ ভূঁইয়া রিপন ও সেন্টু মিয়া। গভীর রাতে কেন এবং কারা এমন আতঙ্ক সৃষ্টিকারী কাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।













