পাটুরিয়া ঘাটে ৬ ট্রাক সরকারি চাল জব্দ, তদন্তে প্রশাসন
- প্রকাশ : ১১:৩৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৪৯ বার পাঠিত

রাজধানীর তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপো (সিএসডি) গুদাম থেকে পাচারের অভিযোগে সরকারি চালবোঝাই ছয়টি ট্রাক আটক করেছে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ। তবে একই বহরের অপর একটি ট্রাক চালসহ পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গত ২৬ নভেম্বর রাতে পাটুরিয়া ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে তেজগাঁও সিএসডি গুদাম থেকে নেওয়া সাতটি ট্রাক চাল পাটুরিয়া ঘাট হয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পাটুরিয়া ঘাট এলাকায় ট্রাকগুলোর গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি শিবালয় থানা পুলিশকে জানান। সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছয়টি ট্রাক জব্দ করে। এ সময় কৌশলে একটি ট্রাক চালসহ পালিয়ে যায়।
আটক ট্রাকগুলোর চালকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চালগুলো কুষ্টিয়ার রাইস মিলে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে চাল পরিবহনের পক্ষে কোনো বৈধ কাগজপত্র বা সরকারি অনুমোদনপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি তারা।
এদিকে, বিষয়টি শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়াকে অবহিত করা হলে তিনি ঘটনার গুরুত্ব বিবেচনায় মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, পলাতক ট্রাকটি শনাক্ত ও উদ্ধারের পাশাপাশি জব্দকৃত চালের প্রকৃত মালিকানা এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


















