ইউটিউবে ‘শর্টস’ বন্ধের সুযোগ:ফিডে যুক্ত হলো নতুন নিয়ন্ত্রণ ফিচার
- প্রকাশ : ১১:৩৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৭৭ বার পাঠিত

প্রযুক্তি প্রতিবেদক
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের ফিড থেকে শর্ট-ফরম ভিডিও বা ‘শর্টস’ দেখার ক্ষেত্রে ব্যবহারকারীদের পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন এক আপডেটে প্ল্যাটফর্মটি ‘শর্টস ফিড লিমিট’ ফিচারে ‘শূন্য মিনিট’ সেট করার সুবিধা যুক্ত করেছে। এর ফলে কোনো ব্যবহারকারী চাইলে তাঁর মোবাইল অ্যাপে শর্টস ভিডিও আসা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট-এর তথ্যমতে, ইউটিউব গত বছরের অক্টোবরে প্রথম এই ফিচারটি চালু করেছিল। তবে তখন ব্যবহারের সর্বনিম্ন সময়সীমা ছিল ১৫ মিনিট। নির্দিষ্ট সময় পার হওয়ার পর ব্যবহারকারীদের বিরতি নেওয়ার জন্য স্বয়ংক্রিয় নোটিফিকেশন দেখানো হতো। সম্প্রতি সেই সীমা আরও কমিয়ে ‘০ মিনিট’ করার অপশন যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের শর্টস দেখা থেকে বিরত রাখতে সহায়ক হবে।
ইউটিউব জানিয়েছে, শুরুতে এটি কেবল অভিভাবক নিয়ন্ত্রিত বা ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচারের অংশ হিসেবে থাকলেও এখন তা সাধারণ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে সেটিংস পরিবর্তন করার পর স্ক্রলিং বন্ধ হলেও কিছু ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত দু-একটি শর্টস ভিডিও সামনে আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কিভাবে চালু করবেন এই সুবিধা
এই ফিচারটি কার্যকর করতে ইউটিউব মোবাইল অ্যাপের সেটিংস (Settings) থেকে টাইম ম্যানেজমেন্ট (Time Management) অপশনে যেতে হবে। এরপর ডেইলি লিমিট (Daily Limit) থেকে শর্টস ফিড লিমিট (Shorts Feed Limit) অপশনে গিয়ে ‘০ মিনিট’ নির্বাচন করলেই ফিডে শর্টস আসা বন্ধ হয়ে যাবে।
শর্টস পুরোপুরি বন্ধ করা ছাড়াও ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দমতো সময়সীমা নির্ধারণ করতে পারবেন। এই ফিচারের আওতায় প্রতিদিন সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত শর্টস দেখার সময় নির্ধারণ করার সুযোগ রাখা হয়েছে। মূলত ডিজিটাল আসক্তি কমাতে এবং ব্যবহারকারীদের সময়ের সঠিক ব্যবস্থাপনায় সহায়তা করতেই ইউটিউব এই পদক্ষেপ নিয়েছে।
















