সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন অভিনেত্রী চমক
- প্রকাশ : ১১:২২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৫৫ বার পাঠিত

বিনোদন প্রতিবেদক
শোবিজ অঙ্গন পেরিয়ে এবার রাজনীতির মাঠে নামলেন ছোটপ পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। কুষ্টিয়া অঞ্চল থেকে সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেতে তিনি আগ্রহী।
মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে গত শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাৎকারে অংশ নেন এই অভিনেত্রী। আগে থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে, এবার বিএনপির সংরক্ষিত আসনে একঝাঁক তারকা মুখ দেখা যেতে পারে। সেই তালিকায় প্রবীণ সংগীতশিল্পী কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনের পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে চমকের নাম যুক্ত হওয়ায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
সাক্ষাৎকার শেষে বোর্ড থেকে বের হওয়ার সময় চমক সাংবাদিকদের জানান, দেশের সেবা এবং বিশেষ করে নারী অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যেই তিনি রাজনীতিতে সক্রিয় হতে চান। তাঁর বিশ্বাস, বিএনপির প্ল্যাটফর্ম থেকে কাজ করলে তিনি নিজের পরিকল্পনাগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে দল যে সিদ্ধান্ত নেবে, তা তিনি সানন্দে গ্রহণ করবেন।
একই দিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের নতুন এই যাত্রার ইঙ্গিত দিয়েছেন চমক। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে তিনি একটি পোস্ট করেন এবং দ্রুতই বিস্তারিত জানানোর প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পদার্পণ করা রুকাইয়া জাহান চমক গত কয়েক বছরে নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতেও সাম্প্রতিক সময়ে তাঁকে বেশ সোচ্চার ভূমিকা পালন করতে দেখা গেছে। এখন দেখার বিষয়, অভিনয়ের গণ্ডি পেরিয়ে সংসদীয় রাজনীতিতে তিনি কতটা সফল হতে পারেন।
















