নিরাপদ সড়ক চাই আশুলিয়া কমিটির উদ্যোগে এতিম শিক্ষার্থীদের উপহার প্রদান ও ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া
- প্রকাশ : ০৪:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৫৩ বার পাঠিত

নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়া থানা কমিটির উদ্যোগে স্থানীয় একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) আশুলিয়ার নূরহেরা এতিমখানা মাদ্রাসায় এই মানবিক ও কল্যাণমূলক আয়োজনের সুচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির সভাপতি জিএম মিন্টু।
অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি জিএম মিন্টু চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বর্ণাঢ্য জীবন ও জনকল্যাণমুখী কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দেশের মানুষের প্রতি ইলিয়াস কাঞ্চনের গভীর ভালোবাসা এবং নিরাপদ সড়ক আন্দোলনের মতো মহৎ সামাজিক কার্যক্রমে তার দীর্ঘ ও আপসহীন লড়াই জাতি সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টিতে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। বর্তমানে তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
উপহার বিতরণ শেষে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দীর্ঘায়ু ও আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব, নিসচা আশুলিয়া থানা কমিটির অন্যান্য নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় এতিম শিশুদের মুখে হাসি ফুটানোর পাশাপাশি সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।























