বিএনপি আত্মসমর্পণের দল নয়, শেকড় এ দেশের জনগণের মাঝে: সমাজকল্যাণ মন্ত্রী
- প্রকাশ : ১০:৩০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৫ বার পাঠিত

বিএনপিকে ভয় দেখিয়ে বা চোখ রাঙিয়ে লাভ নেই উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এই দলের শেকড় এ দেশের মাটি ও মানুষের মাঝে বিস্তৃত। বিএনপি কখনো আত্মসমর্পণ করার মতো দল নয়; শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কখনো কারও কাছে মাথা নত বা আত্মসমর্পণ করেননি।
শনিবার বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যারা বিএনপিকে নিয়ে নানা অবমূল্যায়ন করছেন তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, জনগণের অধিকার রক্ষা করা এবং গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের নামই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অহেতুক বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি না করে রাজনৈতিকভাবে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ যাকে রায় দেবে, তারাই দেশ পরিচালনা করবে। যেকোনো ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় বিএনপি সবসময় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়া হোসেন শিল্পী, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাজীন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন, খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল ইসলাম এবং হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
























