প্রথমার্ধের ধাক্কা সামলাতে পারল না বাংলাদেশ, ভিয়েতনামের কাছে হার
- প্রকাশ : ১২:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ৯৭ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) হ্যানয়ের হাং জু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের তিন গোলের ব্যবধান আর ঘুচিয়ে উঠতে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ অটুট রেখে ক্লিনশিট ধরে রাখলেও শেষ পর্যন্ত ০-৩ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জামাল ভূঁইয়াদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বাংলাদেশকে চেপে ধরে স্বাগতিক ভিয়েতনাম। ম্যাচের মাত্র ৮ মিনিটেই রক্ষণভাগের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডিফেন্ডার জায়ান আহমেদের একটি ভুল পাস কাজে লাগিয়ে ভিয়েতনামকে এগিয়ে দেন তাদের ফরোয়ার্ড। প্রাথমিক এই ধাক্কা সামলে ওঠার আগেই ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়েতনামের লেফটব্যাক প্যাম চুন মান। কর্নার থেকে উড়ে আসা শুয়ং তিয়েনের মাপা শটে দুর্দান্ত হেডে বল জালে জড়ান তিনি।
ম্যাচের ৩১ মিনিটে গোলরক্ষক মিতুল মারমা (নগুয়াইন) একটি নিশ্চিত গোল রুখে দিলেও ৩৮ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। হাই লংয়ের জোরালো কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ হয়ে যায়। বড় ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
তবে বিরতির পর সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় লাল-সবুজদের। প্রথমার্ধে যে রক্ষণভাগ নড়বড়ে ছিল, দ্বিতীয়ার্ধে তারাই রুখে দাঁড়ায় স্বাগতিকদের সামনে। গোল করার বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় জালের দেখা পায়নি বাংলাদেশ। ফলে প্রথমার্ধের স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়।
আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে একই দিনে মালয়েশিয়ার মুখোমুখি হবে ভিয়েতনাম। মূলত আসন্ন সেই ম্যাচগুলোর প্রস্তুতি হিসেবেই আজ দুই দল প্রীতি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে।



















