নিউজিল্যান্ডকে হারিয়ে রেটিং বাড়ালো বাংলাদেশ: সরাসরি বিশ্বকাপের পথে টাইগাররা
- প্রকাশ : ০৯:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ১৯৬ বার পাঠিত

ক্রীড়া প্রতিবেদক:
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে এই ঐতিহাসিক সিরিজ জয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে টাইগাররা। সিরিজ জয়ের ফলে বাংলাদেশের ঝুলিতে জমা হয়েছে গুরুত্বপূর্ণ ৪টি রেটিং পয়েন্ট।
বর্তমানে মোট ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের নবম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয় সরাসরি ২০২৭ বিশ্বকাপে কোয়ালিফাই করার দৌড়ে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের অনেকটা এগিয়ে দিল।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলবে। বাকি দলগুলোর মধ্য থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। তবে স্বাগতিকরা যদি শীর্ষ আটের মধ্যে থাকে, সেক্ষেত্রে তালিকার ১০ নম্বর দলটির জন্যও সরাসরি খেলার সুযোগ তৈরি হবে।
বর্তমান চিত্র অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা রয়েছে পঞ্চম স্থানে এবং জিম্বাবুয়ে ১১তম স্থানে। আগামী এক বছরে দক্ষিণ আফ্রিকার শীর্ষ আট থেকে ছিটকে যাওয়ার বা জিম্বাবুয়ের সেরা আটে উঠে আসার সম্ভাবনা বেশ ক্ষীণ। এই সমীকরণে বাংলাদেশ যদি র্যাংকিংয়ের নবম স্থানটি ধরে রাখতে পারে, তবে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হবে টাইগারদের।
বর্তমানে র্যাংকিংয়ের দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭। অর্থাৎ, নবম স্থানে থাকা বাংলাদেশের সাথে তাদের ব্যবধান এখন ৬ রেটিং পয়েন্টের। বাংলাদেশের পরবর্তী সূচিতে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া ও ভারত। র্যাংকিংয়ের তিনে থাকা অস্ট্রেলিয়া ও শীর্ষে থাকা ভারতের বিপক্ষে ভালো ফলাফল করতে পারলে বাংলাদেশের পয়েন্ট আরও বাড়বে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, বড় দলগুলোর বিপক্ষে হারলেও টাইগারদের রেটিং খুব বেশি কমার সম্ভাবনা নেই। ফলে বর্তমানের ৮৩ রেটিং পয়েন্ট ধরে রাখতে পারলেও ২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার ক্ষেত্রে বেশ সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ।
















